উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়তে শুরু হয়েছে। ইতিমধ্যে জেলার ছাতক উপজেলার সুরমা নদীর পয়েন্টে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তবে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৬ মিটার, যা বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.১৬ মিটার ওপরে রয়েছে।
সুনামগঞ্জ সদর পয়েন্টে নদীর পানির উচ্চতা ৭.৩৫ মিটার, যা বিপৎসীমার ০.৪৫ মিটার নিচে। লাউরেরগড় পয়েন্টে পানির উচ্চতা ৭.৪৪ মিটার, যা বিপৎসীমার ০.৬১ মিটার নিচে রয়েছে। দিরাই পয়েন্টে পানি ৬.০৬ মিটার, যা বিপৎসীমার ০.৪৯ মিটার নিচে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, জগন্নাথপুর পয়েন্টে পানির উচ্চতা ৬.৫২ মিটার এবং সোলেমানপুর পয়েন্টে ৬.৬০ মিটার রেকর্ড করা হয়েছে। এ দুটি পয়েন্টের জন্য বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক অবস্থা উল্লেখ করা হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে লরারগড়ে। এ ছাড়া সুনামগঞ্জ সদরে ১১০ মিলিমিটার, ছাতকে ৪০ মিলিমিটার এবং দিরাইয়ে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী(পওর-২) এমদাদুল হক জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে ছাতকসহ নিম্নাঞ্চলের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









