পাবনার কাশীনাথপুরের চব্বিশ মাইল এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি ভলভো বাস ও একটি সাধারণ যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি বাসই বেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। সামান্য আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মমিন ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয় পক্ষের সাথে আলোচনা করেন। কোনো প্রাণহানি না হওয়ায় উভয় পক্ষের লিখিত মুচলেকা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









