নাটোরের গুরুদাসপুর উপজেলায় অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় চলনবিলের বিলশা পর্যটন এলাকাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপন এবং জরুরি টহল ও দ্রুত সেবার জন্য একটি স্পিড বোটের ব্যবস্থা করার সুপারিশ বিশেষ গুরুত্ব পায়।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
সভায় চলনবিলের বিলশা পর্যটন এলাকাকে কেন্দ্র করে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার নিয়ন্ত্রণ, সোলার লাইটিং স্থাপন, পর্যটকদের বসার স্থান উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে ব্যবহৃত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যথেচ্ছভাবে না ফেলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুস সালাম বলেন, চলনবিলে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের নিরাপত্তা জোরদার ও সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিলশা এলাকায় একটি টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপন এবং দ্রুত উদ্ধার ও টহলের জন্য একটি স্পিড বোটের ব্যবস্থা প্রয়োজন।
তিনি আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে আবেদন এবং জোরালো সুপারিশ পাঠানোর প্রস্তাব করেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









