সুনামগঞ্জের জগন্নাথপুর টু বিশ্বনাথ প্রধান সড়কে দ্রুতগতির একটি অটো চালিত মিশুক গাড়ির সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেল জগন্নাথপুর পৌর সভারিয়ার অধীন হবিবপুর শাহবাড়ি এলাকার মেইন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর এলাকা থেকে একটি অটো চালিত মিশুক গাড়ি যাত্রী নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে আসছিল। মিশুকটিতে থাকা যাত্রীরা রোগী দেখানোর উদ্দেশ্যে হাসপাতালে যাচ্ছিলেন।
অপরদিকে, একটি প্রাইভেট কার হাসপাতাল থেকে ভবের বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছালে উভয় গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা যাত্রী ও চালকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন, নুর গনি (৫৫) বাড়ি আটঘর এলাকা। তার সাথে থাকা ছেলে ও ভাগিনাও আহত হন। দুর্ঘটনায় নুর গনির নাকের হাড় দেবে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অটো চালিত মিশুক গাড়ির চালক মতিন মিয়া (৫৭)। তার বাড়ি সৈয়দপুর বুধরাইল গ্রাম। সংঘর্ষে তিনি বুকে ও পায়ে আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।
চিকিৎসক জানান, “আহতদের মধ্যে নুর গনির নাকের হাড় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং মিশুক চালক মতিন মিয়া বুক ও পায়ে আঘাত পেয়েছেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









