চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সংগঠন ও জেলা ট্রাক মালিক সংগঠনে নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে শহরের স্বরূপনগর শ্রমিক ভবন সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ট্রাক মালিক সংগঠনের নব-নির্বাচিত সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মতিউর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক সংগঠনের নব-নির্বাচিত সভাপতি দানিউল হক, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নুসহ দুই সংগঠনের নব-নির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার।
এছাড়াও অনুষ্ঠানে অন্য নব-নির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সড়ক নিরাপত্তা রক্ষা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের যাত্রী ও পণ্য সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সংগঠন, জেলা ট্রাক মালিক সংগঠন এবং জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









