পটুয়াখালীর দশমিনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি শাহজাদা তোহামিনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সদরের ৭৪ নম্বর মধ্য দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি উন্নত প্রজাতির মিয়াজাকি ও একটি ব্ল্যাক স্টোন জাতের আমের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একটি ব্যানানা আম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম একটি কৃষ্ণচূড়া ও সদস্য রবিউল হাসান ডব্লিউ একটি রাধাচূড়ার চারা রোপণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক নাজনীন নাহার শেলী, সালমা বেগম, সুমাইয়া বেগম, ঝর্ণা মজুমদার, উম্মে সাইমুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন। বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
দশমিনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন বলেন, ‘‘শিক্ষার্থীরা যাতে ছোটবেলা থেকেই বৃক্ষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবুজে ঘেরা ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।’’
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, ‘‘বৃক্ষ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে ওঠে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। সবাই মিলে বৃক্ষ রোপণ করলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’’
পরে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপজেলার সদর ইউনিয়নের ১৩ নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি করে মিয়াজাকি, কিউজাই ও ব্লাক স্টোন প্রজাতির আম গাছ এবং একটি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছের চারা রোপণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









