ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার প্রধান লক্ষ্য।”
সোমবার (২০ জুলাই) নগরীর টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, “দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল বা সরকার যেন ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থে বিদেশি শক্তির সঙ্গে চুক্তি না করে। তিনি একটি আত্মনির্ভরশীল ও শক্তিশালী বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আরও সক্ষম করে তুলতে হবে।”
প্রতিরক্ষা খাতের বিষয়ে তিনি বলেন, “প্রয়োজনে রাষ্ট্রকে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে তিনি এমন একটি রাষ্ট্রব্যবস্থার কথা তুলে ধরেন, যেখানে জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।”
বক্তব্যে ভারতের রাজনীতি, মুসলমানদের অধিকার এবং আঞ্চলিক ভূরাজনীতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি দাবি করেন, “বিশ্বের কোথাও অন্যায়, জুলুম বা বৈষম্য দীর্ঘস্থায়ী হতে পারে না এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।”
সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরে ফয়জুল করীম বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বরিশাল অঞ্চলের দীর্ঘদিনের দাবি হিসেবে ছয় লেন সড়ক নির্মাণ, বরিশাল-ভোলা সেতু, রেল যোগাযোগ চালু এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।”
এ ছাড়া তিনি কাদিয়ানী ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে বলেন, “এ বিষয়ে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের তরুণ সমাজ অতীতে গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের প্রত্যাশা পূরণ না হলে তরুণদের নেতৃত্বে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। জেলা ও মহানগরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক সমাবেশে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









