বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও আদিতি রাও হায়দারিকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে নতুন সিনেমা ‘পারিবারিক মনোরঞ্জন’-এ। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। রহস্য, রোমান্স, পারিবারিক জটিলতা ও কমেডির মিশেলে তৈরি এই সিনেমার গল্প ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
ট্রেলারে আদিতিকে হেলেন নামের এক গৃহকর্মী ও সম্পত্তি ব্যবস্থাপকের চরিত্রে দেখা যায়। তিনি পঙ্কজ ত্রিপাঠির অভিনীত রঞ্জন দুবের বাড়িতে কাজ করতে আসেন। রঞ্জনকে এলাকায় একজন আকর্ষণীয় অবিবাহিত পুরুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। হেলেনের আগমনের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে প্রতিবেশীদের মধ্যে নানা আলোচনা ও সন্দেহ তৈরি হতে থাকে।
প্রথমদিকে হেলেনকে একজন দায়িত্বশীল গৃহকর্মী হিসেবেই মনে হলেও গল্পে নতুন মোড় আসে তার দ্বৈত জীবনযাপনের ইঙ্গিত সামনে আসার পর। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পুলিশ ‘মনু যোশি’ নামের একজনকে খুঁজতে রঞ্জনের বাড়িতে হাজির হয়। এরপর রঞ্জনের পরিবার ও বন্ধুরাও হেলেনকে সন্দেহ করতে শুরু করেন।
অন্যদিকে, এসব জটিলতার মধ্যেই নিজের জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে দেখা যায় রঞ্জনকে। ট্রেলারে তাকে বলতে শোনা যায়, ‘অনেক হয়েছে ভালো ছেলে হয়ে থাকা, এবার আলফা হওয়ার সময়।’ এরপরই গল্পে শুরু হয় নানা ভুল-বোঝাবুঝি, হাস্যরস, রোমান্স ও অপ্রত্যাশিত ঘটনা।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই প্রধান অভিনয়শিল্পীই। আদিতি রাও হায়দারি জানিয়েছেন, চিত্রনাট্য পড়ার সময় পুরোটা জুড়েই তার মুখে হাসি ছিল। পরিস্থিতিনির্ভর কমেডি, গল্পের অপ্রত্যাশিত মোড় এবং এর ভেতরের উষ্ণতা ও সরলতা তাকে সিনেমাটিতে অভিনয়ে আগ্রহী করেছে। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করাকেও তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠি বলেন, চিত্রনাট্যের সরলতা ও মজার উপস্থাপন তাকে আকৃষ্ট করেছে। আদিতির সঙ্গে এটি তার প্রথম কাজ। অভিনেত্রী হিসেবে আদিতির কাজের প্রতিও তার দীর্ঘদিনের প্রশংসা রয়েছে।
‘পারিবারিক মনোরঞ্জন’ পরিচালনা করেছেন বরুণ ভি শর্মা। সিনেমাটির প্রযোজক বিনোদ ভানুশালি, কমলেশ ভানুশালি, হিমাংশু কিশান মেহতা ও অ্যালিসিয়া জাফর। আলী আব্বাস জাফর রয়েছেন ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে।
এতে আরও অভিনয় করেছেন ব্রিজেন্দ্র কালা, মুকেশ তিওয়ারি, সুনীতা রাজওয়ার, বিজয়ন্ত কোহলি, করণ চানানা ও একলব্য চৌধুরী।
আগামী ১৩ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাবে ‘পারিবারিক মনোরঞ্জন’। রহস্যময় চরিত্র, অদ্ভুত সম্পর্ক এবং পঙ্কজ ত্রিপাঠি-আদিতির নতুন জুটির রসায়ন শেষ পর্যন্ত দর্শকদের কতটা বিনোদিত করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









