হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের চারগাঁও সিলামী এলাকায় তুলার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন গোডাউনের মালিক।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে চারগাঁও সিলামী এলাকার ওই তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে টিনশেডের বড় গোডাউনটির অধিকাংশ মালামাল পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। গোডাউনে বিপুল পরিমাণ তুলা মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা তুলা তৈরির দুটি বড় মেশিন, দুটি মোটর এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি টিনশেডের গোডাউনটিও আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোডাউনের মালিক ফারুক মিয়া ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, ‘‘আমি একজন অসহায় মানুষ। ঋণ করে অনেক কষ্টে ব্যবসাটি পরিচালনা করে আসছি। এই ব্যবসার ওপরই আমার জীবিকা নির্ভরশীল। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, কীভাবে আবার ঘুরে দাঁড়াব—তা বুঝে উঠতে পারছি না।’’
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









