যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় বিজয়ের পর নতুন রাজনৈতিক ও ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের জেতাতে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেও নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেননি তিনি। বিশেষ করে টেক্সাসে তিন দশকের বেশি সময় পর ডেমোক্র্যাটদের গভর্নর নির্বাচিত হওয়ায় মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। পাশাপাশি টেক্সাসের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। এর ফলে দীর্ঘদিনের রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে।
টেক্সাস মাস্কের ব্যবসায়িক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে রয়েছে তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কারখানা, স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ ও উৎপাদনকেন্দ্র এবং দুই প্রতিষ্ঠানের যৌথ চিপ উৎপাদন প্রকল্পের পরিকল্পনা। ফলে রাজ্যটিতে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব তার ব্যবসায়ও পড়তে পারে।
নির্বাচনের আগে রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেছিলেন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই ধনকুবের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অনুসারীদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু তাঁর বিপুল অর্থায়ন শেষ পর্যন্ত রিপাবলিকানদের পরাজয় ঠেকাতে পারেনি।
নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ারবাজারেও চাপের মুখে পড়ে মাস্কের প্রতিষ্ঠানগুলো। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার লেনদেনের একপর্যায়ে স্পেসএক্সের শেয়ার ৫ দশমিক ৫ শতাংশ এবং টেসলার শেয়ার ৫ দশমিক ১ শতাংশ কমে যায়।
ডেটা সেন্টার নির্মাণে বাধা হতে পারে নতুন প্রশাসন
মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণ। স্পেসএক্স বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের সম্ভাব্য বাজারের কথা তুলে ধরেছে। এই বাজারের সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটির বড় পরিকল্পনা রয়েছে।
তবে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় বাসিন্দাদের অসন্তোষের কারণে ডেটা সেন্টার নির্মাণে কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি বাড়ছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় এ খাতে সরকারি নজরদারি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা ইতোমধ্যে নতুন ডেটা সেন্টার প্রকল্পের অনুমোদন সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয় জনগণের সুরক্ষায় আইনগত ব্যবস্থা জোরদার না হওয়া পর্যন্ত নতুন প্রকল্প স্থগিত রাখার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের জন্য করছাড় বন্ধের পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি।
হিনোজোসার সঙ্গে মাস্কের সম্পর্কও বেশ টানাপোড়েনের। এর আগে মাস্ক ও বিদায়ী গভর্নর গ্রেগ অ্যাবটের মধ্যকার ইমেইল প্রকাশের দাবিতে মামলা করেছিলেন হিনোজোসা। তাঁর অভিযোগ ছিল, মাস্ককে বিশেষ সুবিধা দিতে গিয়ে অ্যাবট টেক্সাসের স্বার্থ ক্ষুণ্ন করেছেন।
স্পেসএক্সের এআই ব্যবসাও চাপে পড়তে পারে
স্পেসএক্সের এআই ব্যবসার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেমফিসের কাছে অবস্থিত কলোসাস ও কলোসাস-২ নামের দুটি বৃহৎ ডেটা সেন্টার। এসব কেন্দ্রের কম্পিউটিং সক্ষমতা অ্যানথ্রোপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে আয় বাড়াচ্ছে কোম্পানিটি। এর মাধ্যমে স্পেসএক্স প্রথমবারের মতো মুনাফার মুখ দেখেছে।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, গত সেপ্টেম্বরের শেষ দিকে ১ দশমিক ৭ গিগাওয়াট থাকা ডেটা সেন্টারের সক্ষমতা চলতি বছরের শেষ নাগাদ ৩ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আগামী বছর তা বাড়িয়ে ১৩ গিগাওয়াটে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
কিন্তু নতুন স্থাপনা নির্মাণে অনুমোদন পেতে দেরি হলে এই পরিকল্পনা ব্যাহত হতে পারে। একই সঙ্গে এআই অবকাঠামো নির্মাণে বিপুল ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও বাড়তে পারে।
টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের স্টারবেস কমপ্লেক্স সম্প্রসারণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সেখানে একটি সমুদ্রসৈকতসংলগ্ন স্টেট পার্ক স্পেসএক্সের কাছে বিক্রির সম্ভাব্য পরিকল্পনার বিরোধিতা করেছেন হিনোজোসা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘টেক্সাস বিক্রির জন্য নয়।’
অন্যদিকে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও বলছে স্পেসএক্স। নির্বাচনের ফল প্রকাশের পর মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘‘মহাকাশে ডেটা সেন্টার স্থাপন এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’’ তবে মহাকাশে ডেটা সেন্টার পরিচালনার ক্ষেত্রে তাপ নিয়ন্ত্রণ ও মেরামতের মতো বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে।
সরকারি চুক্তি ও ভর্তুকি নিয়েও তদন্তের আশঙ্কা
শুধু ডেটা সেন্টার নয়, মাস্কের প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি, ভর্তুকি এবং বিভিন্ন কার্যক্রম নিয়েও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের নজরদারি বাড়তে পারে।
ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থায় বিধিনিষেধ আরোপ, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডজের অধীনে বিপুলসংখ্যক সরকারি কর্মী ছাঁটাই এবং মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি সুবিধা নিয়ে আগে থেকেই প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা।
এদিকে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির পরবর্তী চেয়ারম্যান হতে যাওয়া রবার্ট গার্সিয়া নির্বাচনের ফল প্রকাশের পর রিপাবলিকান ও তাঁদের মিত্রদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় বলেছেন, ‘আইনজীবী ঠিক করুন।’
এই কমিটির সরকারি কার্যক্রম তদন্ত, নথিপত্র তলব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ক্ষমতা রয়েছে। ফলে মাস্কের প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নতুন তদন্ত শুরু হলে তার ব্যবসায়িক কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হতে পারে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ইলন মাস্কের রাজনৈতিক প্রভাব ও ব্যবসায়িক পরিকল্পনার সামনে নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশেষ করে টেক্সাসে ক্ষমতার পরিবর্তন, ডেটা সেন্টার নির্মাণে সম্ভাব্য বিধিনিষেধ এবং সরকারি চুক্তি নিয়ে বাড়তি নজরদারি টেসলা ও স্পেসএক্সের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









