দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিন্দা শিকারপাড়া মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বজলুর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবজিপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ এবং ইউআরসি কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান চারটি গ্রুপে বিভক্ত হয়ে পক্ষ ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে। প্রতিটি দলে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয় এবং প্রত্যেকে তিন মিনিট করে বক্তব্য উপস্থাপন করে।
বিচারকদের মূল্যায়নে বেগম রোকেয়া গার্লস স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। এছাড়া ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেরা বক্তা নির্বাচিত হন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সততা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।# মো. আব্দুস সালাম,


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









