সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধন কর্তৃপক্ষ মোহাম্মদ শাহে নেওয়াজ মহেশখালী উপজেলা সমাজসেবা কার্যালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন গোরকঘাটা যুব উন্নয়ন ক্লাব পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) প্রথমে উপপরিচালক উপজেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে মহেশখালী পৌরসভার প্রথম নিবন্ধিত সামাজিক সংগঠন গোরকঘাটা যুব উন্নয়ন ক্লাবের কার্যালয়ে পৌঁছালে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।
পরিদর্শন শেষে ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপপরিচালক মোহাম্মদ শাহে নেওয়াজ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিবন্ধিত সংগঠনগুলো সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছে। তাই এসব সংগঠনকে নিয়মিত ও কার্যকর সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী, মহেশখালী পৌর বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ উল্লাহ, সাবেক ছাত্রদল নেতা আবেদ, উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, তাঁতী দলের সভাপতি রশিদ আলম, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, গোরকঘাটা যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক বাদশা, কার্যকরী সদস্য খোরশেদ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মতবিনিময় সভায় গোরকঘাটা যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। উপপরিচালক এসব কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণে নিবেদিত থেকে সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বিত অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









