কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্ক প্রতিযোগিতা। ‘দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন নয়, নৈতিক শিক্ষাই বেশি কার্যকর’ বিষয়ে পক্ষে-বিপক্ষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী ৮টি দলে ভাগ হয়ে এতে অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সাবলীল ও তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। তাদের যুক্তি, উপস্থাপনা ও বিশ্লেষণী বক্তব্যে মুগ্ধ হন উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবকগণ। তাদের আত্মবিশ্বাসী বক্তব্য ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুন্নাহার।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তামান্না দিলশাদ রিমি।
মডারেটর ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরীকুল হাসান শাহীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









