শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে দলটির জেলা সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে আনোয়ার হোসেন হাওলাদারের সম্পৃক্ততার অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততার তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
বর্তমানে তিনি পালং মডেল থানা হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবারই তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









