সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ঐতিহ্যবাহী হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের ৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে মেহেদী হাসান আমজাদকে সভাপতি, রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোতালেবকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহীন রেজার যৌথ স্বাক্ষরে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান আমজাদ ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন জানান, "আমাদের ওপর যে আস্থা রেখে দলের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। তরুণ সমাজকে একত্রিত করে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।"
নতুন এই কমিটিকে ঘিরে হাটিকুমরুল ইউনিয়নের সর্বস্তরের যুবদল এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









