সুনামগঞ্জের ছাতক উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এ কর্মসূচি পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ছাতক সদর ইউনিয়নের ছাতক-আমবাড়ি সড়কে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। উদ্বোধনী পর্বে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ৫০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য সমরুজ আলী, দুলাল সরকার, খছরু আহমদ ও আলী হোসেন, উপজেলা এলজিইডি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ শেষে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’’
তিনি বলেন, ‘‘দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।’’
এলজিইডি সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের পাশে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









