পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা কৃষক দল জেলায় ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পিরোজপুরের মুক্তারকাঠী বাইপাস সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিব খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









