জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক সন্ধ্যা। দিনব্যাপী এ আয়োজনে জুলাই আন্দোলনের স্মৃতি, দেশপ্রেম, সাংস্কৃতিক পরিবেশনা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে নগরীর ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি ও ঘটনাপ্রবাহ তুলে ধরে একটি বিশেষ আলোকচিত্র ও তথ্যভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর ধারাবাহিকভাবে শিশু-কিশোরদের পরিবেশনা, প্রেরণার গান, দেশাত্মবোধক সংগীত, জুলাইভিত্তিক পুঁথি পাঠ, নাটিকা, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক আয়োজনে পরিবেশনা করে হেরারশ্মি শিল্পীগোষ্ঠী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে প্রখ্যাত সংগীতশিল্পী গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ সংগীত পরিবেশন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার এবং কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার।
এ ছাড়া বরিশাল মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। টাউন হলের নিচতলা ও দোতলা মিলিয়ে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর পুরো আয়োজন উপভোগ করেন।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে বরিশালে এ ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যেখানে গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, দেশপ্রেম জাগ্রত করা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









