চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জন পুরুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ‘পুশ ইন’ করার চেষ্টা করে। তবে সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) ভোরে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা বিওপির সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট দিয়ে ১২ ব্যাটালিয়ন বিএসএফ’র টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষ ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালায়।
এমন খবর পাওয়ার সাথে সাথেই চাড়ালডাংগা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতির কারণে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে সীমান্তের শূন্য লাইনের (জিরো লাইন) ভারতীয় অংশে অবস্থান নিতে বাধ্য হয়।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে কিন্ত বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদানপূর্বক নিকটবর্তী কাঁতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









