সাংবাদিক একাদশ ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারাল আইনজীবী একাদশকে। সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক একাদশ ও আইনজীবী একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সৈয়দপুর স্টেডিয়াম মাঠে স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি, সৈয়দপুর-এর আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে আইনজীবী একাদশকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে দাপুটে জয় তুলে নেয় সাংবাদিক একাদশ।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দেয়। তবে ম্যাচজুড়ে মাঠের নিয়ন্ত্রণ ছিল সাংবাদিক একাদশের দখলে। ধারাবাহিক আক্রমণের মাধ্যমে একের পর এক গোল করে তারা প্রতিপক্ষকে চাপে ফেলে। দ্বিতীয়ার্ধে সাংবাদিক একাদশের খেলোয়াড় মিজান মহসিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়েই দুর্দান্ত নৈপুণ্যে ৪-০ গোলের জয় নিশ্চিত করে সাংবাদিকরা।
প্রীতি ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন আইনজীবী, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
ম্যাচে আইনজীবী একাদশের হয়ে নীলফামারী জেলা জজ আদালতের আইনজীবী গোলাম রব্বানী,সামিউল, জাভেদ রুভেল সহ অন্যান্য আইনজীবীরা অংশ নেন। অন্যদিকে সাংবাদিক একাদশে সৈয়দপুরের জসিম উদ্দিন, এম আর আলম ঝন্টু, শওকত হায়াত শাহ, খোকন, নওশাদ আনসারী, আমির, মোমিন, মোকাররম, তৌসিফ, হিরু, রাজু, জাহাঙ্গির, বাসুদেবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকরা খেলেন।
আয়োজক স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির পৃষ্ঠপোষক সাংবাদিক জসিম উদ্দিন বলেন, সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য এর আগেও গত মাসে সাংবাদিক একাদশ ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়, আয়োজক ও অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









