বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের আয়োজনে মডেল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সভাপতি সাহাদাত জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাছুদুর রহমান হিরু মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ আমাদের প্রাণের দাবি। এখানে সেতু নির্মাণ করা হলে বগুড়া, জামালপুর ও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এতে যমুনার দুই পারের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি যানজট ও জন দুর্ভোগ কমে আসবে এবং কৃষিপণ্যসহ ব্যবসা-বাণিজ্যের দ্রুত পরিবহন নিশ্চিত হবে। এ সময় তিনি দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল এবং সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সাংবাদিক ইমরান হোসেন রুবেল, সুমন কুমার সাহা, তাজুল ইসলাম, জুয়েল রহমান, সামিউল ইসলাম সনি ও ফরহাদ হোসেন প্রমুখ।
এ সময় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরুসহ উপজেলার চরাঞ্চল ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









