জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুলাই হবিগঞ্জে ‘জুলাই জাগরণ পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হবে।
রবিবার (২৬ জুলাই) হবিগঞ্জ শহরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুলাই সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি বানিয়াচং উপজেলা সদরে পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে টাউন হল রোড, সিনেমা হল রোড, মাছুলিয়া বাজার, চৌধুরী বাজার, ডাকঘর এলাকা ও বাণিজ্যিক এলাকা ঘুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণঅভ্যুত্থানের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জনমত গড়ে তোলা।
এ সময় আরো জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামাল হোসেন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মাহবুবুর বারী চৌধুরী (মুবিন)-কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচির মাধ্যমে দলীয় প্রার্থীদের পরিচিতি ও জনসংযোগও করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জুলাই জাগরণ পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহবুবুর বারী চৌধুরী (মুবিন) ও সদস্য সচিব ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম। তারা কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









