বলিউডে অনেক প্রতিভাবান অভিনেতাই যোগ্য স্বীকৃতি পান না বলে মন্তব্য করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তার মতে, একই ধরনের চরিত্রে বারবার অভিনয়ের সুযোগ দেওয়ায় অনেক শিল্পী নিজেদের অভিনয়দক্ষতার পুরোটা তুলে ধরতে পারেননি। ফলে অনেকে যথাযথ মূল্যায়ন ছাড়াই হারিয়ে গেছেন।
নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গাজাব রাত’র প্রচারে সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন মনোজ। তিনি বলেন, বলিউডে অভিনেতাদের নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে রাখার প্রবণতা রয়েছে। এতে তাদের অভিনয়ের নানা দিক তুলে ধরার সুযোগ সীমিত হয়ে পড়ে।
মনোজের ভাষায়, “এই ইন্ডাস্ট্রিতে একই ধরনের চরিত্রে আটকে রেখে আমরা অনেকের প্রতিভা নষ্ট করেছি। পর্দায় তাদের চরিত্র, কাজের পরিবেশ এবং তাদের সঙ্গে করা আচরণের মাধ্যমে অনেক প্রতিভাবান অভিনেতাকে কার্যত গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তাদের অনেকে কোনো স্বীকৃতি ছাড়াই হারিয়ে গেছেন।”
নিজের অভিনয়জীবন নিয়েও আক্ষেপের কথা জানিয়েছেন এই অভিনেতা। তার দাবি, এখন পর্যন্ত তার অভিনয়ক্ষমতার মাত্র ২৫ শতাংশ কাজে লাগানো হয়েছে। এখনো অনেক কিছু করার ইচ্ছা রয়েছে জানিয়ে মনোজ বলেন, একজন অভিনেতার আকাঙ্ক্ষা ও কাজের প্রতি তাগিদ থেকেই এমন অনুভূতি তৈরি হয়।
তিনি বলেন, “আমি সব সময় বলে এসেছি, আমার অভিনয়ক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহার করা হয়েছে। আরও অনেক কিছু করার আছে। তবে এটাকে একজন অভিনেতার আকাঙ্ক্ষা বা কাজের ক্ষুধাও বলা যায়। আমার ভেতরে এখনো সেই আগুন জ্বলছে, আর আমি সব সময় পরবর্তী কাজের জন্য অপেক্ষা করি।”
তবে বলিউডে পরিবর্তন আনতে ওটিটি প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ইতিবাচক বলে মনে করেন মনোজ। তার মতে, আগে যেসব অভিনেতা নিজেদের দক্ষতা প্রকাশের পর্যাপ্ত সুযোগ পেতেন না, তারা এখন ওটিটির মাধ্যমে প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘গাজাব রাত’ নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নুশরাত ভারুচা, সাকিব সেলিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, কিকু শারদা ও শ্রদ্ধা দাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









