বরিশালের উজিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) ভোররাতে উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম ধামুরা গ্রামের আরশেদ হাওলাদারের ছেলে মো. আনিস হাওলাদার (৪০) এবং একই এলাকার মৃত শাহে আলম হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম (৪৫)। পুলিশ জানায়, তারা উভয়েই এলাকার চিহ্নিত মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার সাব-ইনস্পেক্টর (এসআই) এস এম তারেক আজিজের নেতৃত্বে সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) আবদুল আলী ও এএসআই অন্তর আহমেদসহ পুলিশের একটি চৌকস দল পশ্চিম ধামুরা এলাকায় মাদকবিরোধী এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ কেজি গাঁজাসহ আনিস ও হাফিজাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









