পাবনায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে তামা ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত ট্রান্সফরমারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের থেকে চুরিকৃত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার ভেঙে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আলাদা করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে আসছিল। পরে ট্রান্সফরমার খুলে তামাসহ মূল্যবান যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করত তারা। এতে পল্লী বিদ্যুৎ সমিতি আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়তেন সাধারণ গ্রাহকরা।
পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, “ট্রান্সফরমার চুরি শুধু সম্পদ চুরির ঘটনা নয়, এর ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপরাধ দমনে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









