চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) দেশের শিল্প খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও চীন সরকারের (জি-টু-জি) সহযোগিতায় এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)-এর নীতিমালার আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্প দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়নের বৈচিত্র্য এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আনোয়ারার এই মাটিতে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা শুধু একটি প্রকল্পের কাজ শুরু করছি না, বরং বাংলাদেশের শিল্প রূপান্তরের নতুন এক যাত্রার সূচনা করছি।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক আস্থা, দীর্ঘদিনের বন্ধুত্ব এবং যৌথ সহযোগিতার ভিত্তিতে বাস্তবায়িত এই জি-টু-জি প্রকল্প দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান, প্রায় ৭৭৬ একর (৩১৪.৩৯ হেক্টর) জমির ওপর গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে সরাসরি ৩৬ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও পানীয় প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে। এতে দেশের রপ্তানি খাত আরও বৈচিত্র্যময় ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিনিয়োগকারীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিইআইজেডের সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ‘ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস)’-এর মাধ্যমে দ্রুত অনুমোদন, গ্যাস-বিদ্যুৎসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
বক্তব্যের শেষে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি), ঢাকাস্থ চীনা দূতাবাস এবং আনোয়ারা ও চট্টগ্রামের জনগণকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, সিইআইজেড বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা এবং বন্ধুত্বের একটি স্থায়ী সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস চেয়ারম্যান লি চ্যাংগুই এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের (বিসিসিএল) চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









