জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ‘দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পিরোজপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরো বলেন, “দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা গাছ লাগাব, সবুজ বিপ্লব ঘটাব। পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা এবং স্কুল-কলেজের সামনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









