‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ওয়াইল্ডটিমের আয়োজনে ও ইকোটেক্স ও ইকোনেটসের অর্থায়নে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাটক অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. মশিউর রহমান।
প্রধান অতিথি বলেন, ‘‘সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো বাঘ। বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরের প্রাণী হিসাবে বাঘ বনজ জীববৈচিত্র্যকে সুস্থ ও সুষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঘ থাকলে বন বেঁচে থাকে, আর বন বেঁচে থাকলে মানুষও নিরাপদ থাকবে।’’
বনবিভাগ, বাঘ ও মানুষের দ্বন্দ্ব এড়াতে কাজ করছে, বনের মধ্যে বাঘের কেল্লা তৈরি, পানি খাওয়ার জন্য পুকুর খনন করা হয়েছে বলে জানান তিনি। সকলকে বাঘ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ মন্ডল।
বক্তব্য রাখেন সিএনআরএস কর্মকর্তা মো. আরিফুজ্জামান, আইইউসিএন কর্মকর্তা মো. আবু হুরাইরা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু কওছার, সাংবাদিক রনজিৎ বর্মন, বাঘবন্ধু ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান, ভিটিআরটি সদস্য জিয়াউর রহমান, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সুন্দরবন সংরক্ষণ বিষয়ক নাটকের শিল্পীবৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









