পঞ্চগড়ের সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বাস্থ্যসেবার অভাব পূরণে ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন। প্রতিকূল আবহাওয়া ও টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও এই ক্যাম্পকে ঘিরে মানুষের ব্যাপক সাড়া ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার (১ আগস্ট) আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী, পুরুষ ও শিশু বৃষ্টিকে উপেক্ষা করে চিকিৎসাসেবা নিতে ক্যাম্প প্রাঙ্গণে ভিড় জমান। অনেকে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেওয়ার অপেক্ষায় ছিলেন। বৃষ্টির কারণে কাদা ও ভেজা পরিবেশ থাকলেও তাতে সেবাগ্রহীতাদের আগ্রহে কোনো ভাটা পড়েনি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি অভিজ্ঞ মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করে। সাধারণ রোগ থেকে শুরু করে বিভিন্ন জটিল সমস্যার জন্যও রোগীদের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকরা রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ফলে নিম্নআয়ের মানুষদের জন্য এই ক্যাম্পটি হয়ে ওঠে স্বস্তির এক নির্ভরযোগ্য কেন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে কাজ করা বিজিবির অন্যতম দায়িত্ব। মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বাহিনীর মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন ১৮ বিজিবি পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা। তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং সেবাগ্রহীতাদের খোঁজখবর নেন।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীকে সহায়তা করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান। এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে বাহিনীটি।
এবারের মেডিকেল ক্যাম্পেইনে ধামোরহাট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকার প্রায় সাড়ে চারশত থেকে পাঁচশত হতদরিদ্র, অসহায় ও দুস্থ নারী, পুরুষ এবং শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ পাওয়ায় অনেকেই তাৎক্ষণিকভাবে উপকৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত দুরূহ। সেখানে বিজিবির এমন উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিজিবির এ উদ্যোগ সীমান্ত এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









