স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।’’
শনিবার (১ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতাল সংলগ্ন দুটি বেসরকারি প্রতিষ্ঠান ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’ এবং ‘ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল’ সিলগালা করার নির্দেশ দেন মন্ত্রী।
পাশাপাশি সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ক্লিনিকে সেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসক- ডা. রাসেল ও ডা. শারমিন জাহানের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশে কেউ আর বাস করতে পারবে না। এর চেয়ে নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসেনি। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
আকস্মিক পরিদর্শনে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও ফার্মেসি ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন এবং ওষুধের মজুত ও সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা করেন।
মন্ত্রী আরও বলেন, ‘‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেবার মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









