নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের রসুনের আড়তদার ব্যবসায়ী বাকি বিল্লাহ জুয়েল জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বরিববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁচকৈড় রসুন হাটে অবস্থিত আলাউদ্দিন ট্রেডার্সের গদিঘরে এক সংবাদ সম্মেলন করা হয়।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মুখোশ বা মাস্ক পরা কয়েকজন ব্যক্তি গভীর রাতে তার গদিঘরের সামনে ঘোরাফেরা করছে এবং একাধিকবার তালা ভাঙার চেষ্টা করেছে। তাদের উদ্দেশ্য চুরি বা লুটপাট বলে তিনি আশঙ্কা করছেন।
বাকি বিল্লাহ জুয়েল বলেন, ‘‘গদিঘরে অন্তত ১২ থেকে ১৫ জন রসুন ব্যবসায়ীর অর্থ জমা থাকে। শনিবার ও মঙ্গলবার হাটবার হওয়ায় ভোর থেকেই রসুনের কেনাবেচা শুরু হয়। এ কারণে গদিঘরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকে। তাছাড়া বাসায় যাতায়াতের পথেও কয়েকজন মাস্ক পরিহিত ব্যক্তি তাকে অনুসরণ করে।’’
তিনি আরও জানান, সম্প্রতি গদিঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে সন্দেহভাজন ব্যক্তিদের কিছু ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে। সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘‘অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









