বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে নিজের এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দেন মা। দাদির অভিযোগ পেয়ে সেই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার পূর্ব চরণদ্বীপ সফি মেম্বার বাড়ির মো.ওসমানের ছেলে সিএনজি চালক মো. রাকিবের (১৮) সাথে একই এলাকার রোকসানা বেগমের (১৮) বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে নতুন অতিথি হিসেবে এক কন্যা সন্তানের আগমন হয়। এরপর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসে রোকসানা।
রাকিবের মা ফিরোজা বেগম বলেন, ‘‘বেড়াতে যাওয়ার পর ২৭ জুলাই জানানো হয় নাতনি মারা গেছে। তাকে দাফনও করে ফেলা হয়েছে। এরপর দিন বিকেলে এ বিষয়ে জানতে ওই বাড়িতে গেলে রোকসানার বাপের বাড়ির লোকজন উল্টোপাল্টা কথা বলতে থাকে। কবর দেখাতে বললে তাও দেখাতে পারেনি তারা।’’
এ বিষয়ে শিশুটির দাদি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধারে নামে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, তদন্তে নেমে শিশুটিকে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড়ের এক নিঃসন্তান পরিবার থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে আইনি প্রক্রিয়ায় শিশুটিকে মা ও বাবাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









