প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নৌপথ চালু, নদীদূষণ রোধ এবং নদীকেন্দ্রিক পরিবেশ উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (২ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে চক্রাকার নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়।
নৌপথ চালুর পাশাপাশি ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
এছাড়া নদীর তীরজুড়ে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নদীতীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









