পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী দুমকি উপজেলায় মতবিনিময় সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সরকারি সেবা তদারকিসহ নানা আয়োজনে কর্মব্যস্ত দিন পার করেছেন।
রবিবার (২ আগস্ট) সকালে দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই যোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় রাখা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে তিনি গাছের চারা রোপণ করেন ও মৎস্য সম্পদ জোরদারে উপজেলার পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
পরবর্তীতে তিনি দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন। চিকিৎসাধীন রোগীদের সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









