সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি হত্যা মামলায় প্রবাস ফেরত হারুন রশিদকে (৩৫) ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। একই সঙ্গে তারা মামলাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২ আগস্ট) সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হারুন রশিদের ছোট ভাই হাফিজ মো. সুলেমান আহমদ এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘গত ১৬ মে গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল) গ্রামে সংঘটিত একটি হত্যা মামলায় হারুন রশিদকে প্রধান আসামি করা হয়। পরে র্যাব তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে হারুন রশিদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন সুলেমান।’’
তিনি বলেন, ‘‘ঘটনার রাতে হারুন রশিদ নিজ বাড়িতে ছিলেন। পরে হত্যার খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানান।’’ তার দাবি, প্রকৃত ঘটনা উদঘাটন না করেই পরিকল্পিতভাবে হারুনকে মামলায় জড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সুলেমান আহমদ আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পেছনে অন্য ব্যক্তি জড়িত থাকতে পারেন। তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষা ও নিহতের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তেরও দাবি জানান।
তিনি সরকার, আদালত ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হারুন রশিদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









