ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সাফল্যকে যারা নিজস্ব স্বার্থে কুক্ষীগত করার চেষ্টা করেছে, তারা দেশ ও গণতন্ত্রের মূল শত্রু বলে তীব্র মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
মঙ্গলবার (৪ আগস্ট) বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড়চাউলাকাঠী গ্রামে জুলাই শহীদ ও ছাত্রদল নেতা তাহিদুল ইসলামের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ছিল মূলত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক আন্দোলন। তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহলের মধ্যে ক্ষমতার তীব্র মোহ দেখা দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুযোগ বুঝে তারা এই মহৎ অর্জনকে নিজেদের একক অবদান হিসেবে চালিয়ে দেওয়ার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ব্যর্থ চেষ্টা চালায়।”
তিনি আরও যোগ করেন, “তাদের মূল রূপরেখা ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাকে বিলম্বিত বা নস্যাৎ করা। কিন্তু সচেতন দেশবাসীর সামনে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও, পরাজিত ও ষড়যন্ত্রকারী ওই গোষ্ঠীটি এখনো অর্জিত গণতন্ত্রকে বিনষ্ট করার নতুন নীল নকশায় লিপ্ত।”
কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে আবু নাসের রহমাতুল্লাহ শহীদ তাহিদুল ইসলামের বাসভবনে যান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটান, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা বার্তা পৌঁছে দেন।
শ্রদ্ধা নিবেদন ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ হোসেন, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলম চৌধুরী, ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, হাজিক দাঈয়ান ইশতী, জুলাই কন্যা লাবণ্য রহমানসহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন ছাত্রদল নেতা তাহিদুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









