গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিশিয়াল ফেসবুক পেজে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চ ও তাদের দাবি-দাওয়া নিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় কমিশনারের স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
তিনি বলেন, ‘‘জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টটি কর্তৃপক্ষের অজান্তে প্রকাশ করা হয়েছিল। পেজটির অ্যাডমিন হিসেবে দায়িত্বে থাকলেও কোনো পোস্ট প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল। অনুমোদন না নেওয়ায় তাকে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’’
জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পথসভা হয়। সেখানে জোটের নেতারা বক্তব্য দেন।
পথসভা শেষে জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে লংমার্চ কর্মসূচি নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। এতে লংমার্চের গন্তব্যের পাশাপাশি ১১ দলীয় ঐক্যজোটের আট দফা দাবিও উল্লেখ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ ও নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমন, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
পোস্টে বলা হয়, শনিবার সকাল ৯টার দিকে লংমার্চের গাড়িবহর গাজীপুর মহানগর এলাকায় প্রবেশ করে। সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে শান্তিপূর্ণভাবে লংমার্চের গাড়িবহর গাজীপুর এলাকা অতিক্রম করে রংপুরের উদ্দেশে চলে যায়।
জিএমপির পোস্টে আরও দাবি করা হয়, পথসভায় আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল। লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যান চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









