দুপুরের রান্নাবান্না শেষ করে প্রতিদিনের মতো কলস হাতে পুকুরে পানি আনতে গিয়েছিলেন খাদিজা আক্তার (৫৫)। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজ শুরু করেন। পরে ওই পুকুরের পানিতেই পাওয়া যায় তার নিথর দেহ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা আক্তার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়ি সোহাগদল গ্রামে বসবাস করতেন। তার পাঁচ মেয়ে। সবাই বিবাহিত। ছোট মেয়ে গর্ভবতী হওয়ায় বর্তমানে মেয়ের সঙ্গেই থাকতেন খাদিজা।
নিহতের বোনের ছেলে মো. সৈকত জানান, রবিবার দুপুরে রান্নাবান্নার কাজ শেষ করে কলস নিয়ে পুকুরঘাটে পানি আনতে যান খাদিজা। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা পুকুরঘাটে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ দেখতে পান তারা।
নিহতের মেয়ে ঝর্না বেগম বলেন, তার মা উচ্চ রক্তচাপে ভুগছিলেন। দুপুরে রান্না শেষ করে গোসল ও পানি আনার জন্য কলস নিয়ে পুকুরে যান। পরে বাড়িতে না ফেরায় খোঁজ করতে গিয়ে তাকে পানিতে পড়ে থাকতে দেখা যায়। স্বজনরা উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রেদওয়ান জানান, হাসপাতালে আনার আগেই খাদিজার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, কলস নিয়ে পুকুরে পানি আনতে গিয়ে পানিতে পড়ে খাদিজার মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









