সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দা রিফাত (২০) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় মহাদেও নদে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝখানে চাপা পড়ে নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত মধ্যনগর উপজেলার মোহাম্মদ আলীপুর গ্রামের সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাদেও নদে বালু উত্তোলনের কাজ চলাকালে দুটি নৌকার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালু উত্তোলনের কাজ করতে গিয়ে তরুণ রিফাতের মর্মান্তিক মৃত্যুতে তার নিজ গ্রাম মোহাম্মদ আলীপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









