জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পন শেষে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘‘জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এবং এই ফ্যাসিবাদ থেকে আমাদেরকে মুক্ত করেছেন- তাদের এই আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’’
তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ এই জাতিকে উপহার দেওয়ার জন্য।’’ আগামীতে কোনো ফ্যাসিবাদ যেন এই বাংলাদেশে আর গড়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহদের সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









