শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের জ্বালানি সংকট থেকে উত্তরণে আরও সময় লাগবে। বিদ্যমান লোডশেডিংকে অতীতের জবাবদিহিহীন শাসনের ফল উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত অবকাঠামো গড়ে না ওঠায় এ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়।
বুধবার (৫ আগস্ট) সকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, “দুই-তিন দিন পরপর দুই থেকে চার ঘণ্টার যে লোডশেডিং হচ্ছে, তার জন্য বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা দায়ী। বাংলাদেশ জ্বালানির বড় একটি অংশ আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে পেলেও তা গ্যাসে রূপান্তর ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অতীতে পর্যাপ্তভাবে গড়ে তোলা হয়নি।”
তিনি বলেন, “বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে বাসাবাড়ি, শিল্প-কারখানা ও নতুন বিনিয়োগের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে। এই সময়কে একটি ‘ট্রানজিশন টাইম’ হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “বাস্তবতা হলো অবকাঠামো নির্মাণে সময়ের বিকল্প নেই।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “ছাত্র-জনতা, স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে আন্দোলনটি শক্তিশালী রূপ পায় এবং একটি নতুন সামাজিক শক্তির উত্থান ঘটে। প্রায় ৫০ থেকে ৫৫ বছরের ব্যবধানে একই জাতি দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক পরিবর্তনের জন্য জেগে উঠেছে, যা বিশ্বে বিরল দৃষ্টান্ত।”
সাম্প্রতিক জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “জনগণ তাদের প্রতিনিধিদের পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছে। এ সময়ের মধ্যে ভালো কাজ করলেই জনগণের আস্থা পুনর্নবীকরণ হবে। জবাবদিহিতার এই সংস্কৃতিই গণতন্ত্রের ভিত্তি।”
কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সিলেটে বর্তমানে দুটি বিসিক শিল্পনগরীর মোট আয়তন প্রায় ৩০ একর। চলতি বছরই প্রায় ১৮৭ একর আয়তনের নতুন একটি বিসিক শিল্পনগরীর কাজ শুরু হবে, যা বিদ্যমান দুটি শিল্পনগরীর সম্মিলিত আয়তনের প্রায় ছয় গুণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণের মাধ্যমে সিলেটে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “আগামী বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শেষ হবে। একই সময়ে সিলেট-চট্টগ্রাম সড়ক এবং আখাউড়া-সিলেট রেললাইনের কাজও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিলেট-চট্টগ্রাম রেল সংযোগ উন্নত হলে পণ্যবাহী ও কনটেইনারবাহী ট্রেন চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারবে।”
জুলাই আন্দোলনে গড়ে ওঠা তরুণ প্রজন্মের সামাজিক শক্তিকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, “এই তারুণ্যশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি, এসএমপির কমিশনার, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









