সিরাজগঞ্জের বেলকুচিতে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে সিয়াম হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর করুণ নিহত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার চরসমেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে। এ বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যেই নিজেদের জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করতে যান সিয়াম। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









