গ্যাস সংকট নিরসন, ঘন ঘন লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, রাজশাহী জেলা ও মহানগর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করা হয়। এতে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী প্রমুখ বক্তব্য দেন।
পরে জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্যপণ্যের লাগামহীন দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং শিক্ষা কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্মারকলিপিতে বলা হয়, রাজশাহীতে দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্পচাপের কারণে সিএনজি স্টেশন, যানবাহন এবং আবাসিক গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি প্রি-পেইড মিটার ব্যবস্থাপনায় অনিয়ম, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং ঘন ঘন লোডশেডিং সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পাশাপাশি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়। এটি করা হলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবিও তুলে ধরা হয়। দাবিগুলো হলো- গ্যাস উৎপাদন বাড়িয়ে সংকট দ্রুত নিরসন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানো, লোডশেডিং বন্ধ ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









