চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা এ অভিযান চালান।
শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ আগস্ট রাত থেকে ভোররাত পর্যন্ত সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহল দল পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাজিব আলী (২৯) নামে একজনকে ৬৮ বোতল ফেনসিডিলের বিকল্প ভারতীয় সিরাপসহ আটক করে। রাজিব আলীর বাবার নাম মোঃ আজিজুল হক, বাড়ি একই থানার কামালপুর গ্রামে।
একই রাতে আজমতপুর বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে আজমতপুর গ্রামে জমশের নামে এক ব্যক্তির আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল একই সিরাপ উদ্ধার করে।
জব্দকৃত সিরাপ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









