বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসের হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন যাত্রী।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকার কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হোসাইন (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার কোচপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস আলীকদম আসছিল। পথিমধ্যে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে চলন্ত বাসের সামনের চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১১ জন আরোহী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে হেলপার হোসাইনের মৃত্যু হয়।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









