সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজের জন্য এতদিন উত্তরাঞ্চলের পাঁচ জেলার কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের ছুটতে হতো রংপুরে। এবার সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন ‘বগুড়া সড়ক জোন’। এর ফলে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সড়ক উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম এখন থেকে বগুড়া থেকেই পরিচালিত হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া সড়ক জোনের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধন শেষে তিনি সওজ ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।
নতুন এই সড়ক জোনের আওতায় বগুড়াসহ পার্শ্ববর্তী ৫টি জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, বড় ধরনের সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানান, বগুড়ায় পৃথক জোন কার্যালয় চালু হওয়ায় ভৌগোলিক দূরত্ব কমবে এবং প্রশাসনিক জটিলতা অনেকাংশে দূর হবে। এতে সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত বাস্তবায়নে গতি আসার পাশাপাশি ৫ জেলার সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সমন্বিত ও কার্যকর হবে।
এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে উত্তরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, বগুড়াকে কেন্দ্র করে এ অঞ্চলের সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ ও সংস্কারের কাজ এখন আরও দ্রুত বাস্তবায়িত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









