জলরাশি আর রূপসী বাংলার চিরসবুজ প্রকৃতির টানে বরিশালে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। দক্ষিণ বাংলার আতিথেয়তা ও প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে তিনি বলেন, ‘‘বরিশাল অত্যন্ত মনোরম একটি শহর। এখানকার নৈসর্গিক সৌন্দর্য এবং মানুষের উষ্ণ আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’’
রবিবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবের উদ্যোগে কীর্তনখোলা নদীর বুকে ভাসমান ‘এম ভি এম খান-৭’ লঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত তার সফরের অনুভূতির কথা জানান।
প্রথমবার বরিশাল ভ্রমণের রোমাঞ্চ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘‘পানি আর নৌভ্রমণ আমার সবসময়ই খুব প্রিয়। ঢাকা থেকে রওনা হয়ে পথিমধ্যে ঝালকাঠির ভীমরুলীর বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেছি, যেটি এক অভাবনীয় অভিজ্ঞতা। আজ বরিশালের সাংবাদিক বন্ধুদের সাথে এমন চমৎকার পরিবেশে পরিচিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’’
অনুষ্ঠানে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘‘আমাদের তৈরি পোশাক (আরএমজি) খাতের একক বৃহত্তম ও প্রধান ক্রেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতির এক বিশ্বস্ত অংশীদার।’’
মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, রূপসী বাংলার টানে রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার এই অঞ্চলে ফিরে আসবেন।
কীর্তনখোলার মৃদু ঢেউ আর দক্ষিণা হাওয়ার মাঝে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষাবিদগণ।
আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এবং পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান অংশ নেন।
বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রেস মিটে নগরীর জ্যেষ্ঠ সাংবাদিক ও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









