বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝরে গেল আরও একটি জীবন। নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে দূরপাল্লার বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাহিন্দ্রার চালক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) বিকেল চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বরিশাল নগরীর দিকে মাহিন্দ্রাটি যাচ্ছিল। রূপাতলী দপদপিয়া সেতুর টোলঘর সংলগ্ন ঢাল অতিক্রম করার মুহূর্তেই রূপাতলী থেকে কুয়াকাটাগামী দ্রুতগতির একটি বিআরটিসি বাস মাহিন্দ্রাকে সামনে থেকে জোর ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও টহল পুলিশ দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহত ছয়জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।
শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রার এক যাত্রী প্রাণ হারান। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শেবাচিম হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা চলছে।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানান, বাকিদের সার্জারি বিভাগে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই গুরুত্বপূর্ণ এই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায় এবং যানবাহন চলাচল থমকে দাঁড়ায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









