প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামী সোমবার (৯ আগস্ট) প্রথম সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।
বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠক নিয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট সূত্রের ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আসন্ন সাক্ষাৎ নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও বৈঠকে উঠে আসতে পারে।
এর আগে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরিচয়পত্র পেশের প্রায় এক মাস পর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গত এপ্রিল মাসে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেয় দেশটির সরকার। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে ভারত।
নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









