গাজা যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল ট্রাম্পের ১৫ দফা নথি গ্রহণ করছে না।
রবিবার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি তৈরি হলে তা প্রতিহত করা অব্যাহত থাকবে।
গত মাসে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ জানিয়েছিল, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি সমঝোতা হয়েছে। ট্রাম্পও এটিকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন।
হামাস জানিয়েছে, ইসরায়েল সব ধরনের হামলা বন্ধ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করলেই ভারী অস্ত্র হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা হবে। এ অবস্থায় দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে।
নেতানিয়াহু বলেন, হামাসের নিরস্ত্রীকরণ কোনো ‘কাল্পনিক’ বা নামমাত্র প্রক্রিয়া হতে পারে না। এ বিষয়ে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। তবে আলোচনায় কিছু প্রস্তাব ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
ইসরায়েলে আগামী নির্বাচন সামনে থাকায় নেতানিয়াহুর ওপর রাজনৈতিক চাপও বাড়ছে। তার ডানপন্থী মিত্ররা গাজার পরিকল্পনা বাতিলের দাবি জানাচ্ছে। ফলে ট্রাম্পের শান্তি উদ্যোগ বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









